দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করা হবে : রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০৩:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৬৯ বার পঠিত

জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ‘বাংলাদেশ নীতি’কে। এই নীতির আলোকে দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও শক্তিশালী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে দেশের নিজস্ব স্বার্থ, প্রয়োজন ও বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘বাংলাদেশ নীতি’ অনুসরণ করা হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত, যুগোপযোগী এবং কার্যকর হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, সেনাবাহিনী আজ আন্তর্জাতিক অঙ্গনে দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের জন্য বিশেষভাবে সমাদৃত। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টও এই গৌরবময় ঐতিহ্যের অংশ হিসেবে রাষ্ট্রপতি ও রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বর্তমান বিশ্বে প্রচলিত সামরিক নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি নতুন ধরনের হুমকি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার এবং প্রযুক্তিনির্ভর নানা নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত প্রযুক্তিগত সক্ষমতা অর্জন ও সময়োপযোগী কৌশল গ্রহণের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, প্রযুক্তিসম্পন্ন ও প্রস্তুত বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
























