নড়াইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ২০ বার পঠিত

নড়াইলে অভিযান চালিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও র্যাব-১০-এর যৌথ দল।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল পত্তনদার (৪৫) ফরিদপুরের গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া ফেনু মোল্লার পাড়ার হোসেন পত্তনদারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি-৩, যশোর ও র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি যৌথ দল ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারের পর জামাল পত্তনদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





















