পাঁচ দিন পর চালু হলো কক্সবাজার রুটে ট্রেন চলাচল
- আপডেট সময় : ০৮:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৯৩ বার পঠিত

বন্যার কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। রেললাইন মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করার পর রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস সকাল ১১টা ৫৪ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছায়। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। বেলা ২টা ২০ মিনিটের দিকে ট্রেনটি নগরের ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত অংশ নিরাপদে অতিক্রম করে। এর আগে জান আলী হাট স্টেশনে পাঁচ দিন ধরে আটকে থাকা চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেসও দুপুর ১২টা ৫০ মিনিটে ক্ষতিগ্রস্ত রেলপথ অতিক্রম করে নিরাপদে চট্টগ্রাম পৌঁছে।
ষোলশহর রেলস্টেশনের স্টেশন মাস্টার মাইন উদ্দিন মামুন জানান, মঙ্গলবার থেকে জান আলী হাট স্টেশনে আটকে থাকা প্রবাল এক্সপ্রেস সফলভাবে ক্ষতিগ্রস্ত অংশ পার হয়ে গন্তব্যে পৌঁছেছে। অন্যদিকে জান আলী হাট স্টেশনের স্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেসও একই অংশ নিরাপদে অতিক্রম করে কক্সবাজারের পথে যাত্রা অব্যাহত রাখে।
রোববার সকাল থেকেই চট্টগ্রামে আবারও ভারী বর্ষণ হলেও রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ট্রেন চলাচল শুরু করে। ট্রেন চালুর আগে দুপুরে ষোলশহর রেলস্টেশন পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরও গত মঙ্গলবার রেললাইনে পানি উঠে যায়। এরপর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হয়।
রেলওয়ের প্রকৌশলীরা জানান, বন্যার তীব্র স্রোতে রেললাইনের নিচের পাথর সরে গেলেও রেললাইন বাঁকা বা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি। পাথর পুনর্বিন্যাস এবং ঝুঁকিপূর্ণ অংশ উঁচু করার কাজ শেষ হওয়ায় রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ।
উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গত মঙ্গলবার চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসেরপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রেললাইন পানির নিচে তলিয়ে যায়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস মাঝপথে আটকে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। পাঁচ দিন পর মেরামত কাজ শেষ হওয়ায় আবারও স্বাভাবিক হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলপথ।
























