প্রধানমন্ত্রীর আগমনে রাস্তা বানাতে ‘ভাড়ায়’ আনা ইট তুলে নিল ঠিকাদার
- আপডেট সময় : ০৯:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৫৬ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরকে কেন্দ্র করে আধা কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়কে অস্থায়ীভাবে বিছানো ইট তুলে নেওয়ায় স্থানীয় বাসিন্দারা আবারও চরম ভোগান্তিতে পড়েছেন। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ওই অস্থায়ী ইট বিছানোর ব্যবস্থা করে। সফরের সময় প্রধানমন্ত্রী তার পৈতৃক বাড়িতে যাতায়াতের জন্য এ রাস্তা ব্যবহার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার কাঁচা সড়ক পাকাকরণের জন্য গত অর্থবছরে এলজিইডি থেকে ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শুরু না করায় সফরকে ঘিরে অস্থায়ীভাবে ইট বিছানো হয়, যাতে ব্যয় হয় প্রায় ১০ লাখ টাকা। সফর শেষ হওয়ার প্রায় এক সপ্তাহের মধ্যেই ওই সড়কে বিছানো সব ইট তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলজিইডির বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান বলেন, সড়ক পাকাকরণের কাজ চলমান রয়েছে। অস্থায়ীভাবে বিছানো ইট ঠিকাদারের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। এটি ভাড়ায় আনা ইট ছিল, তাই পুনরায় সরিয়ে ফেলা হয়েছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে গত বছরের আগস্টে মেসার্স হক ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সড়ক পাকাকরণের কাজ শুরু হয়নি।
স্থানীয়দের অভিযোগ, ইট তুলে নেওয়ায় এখন আবারও কাঁচা ও কর্দমাক্ত সড়কে চলাচল করতে হচ্ছে, এতে দীর্ঘদিনের দুর্ভোগ ফিরে এসেছে। গাবতলী উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান জানান, সড়কের সীমানা জটিলতার কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। বর্তমানে প্যালাসাইডিংয়ের কাজ চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অস্থায়ীভাবে ইট বিছানোর জন্য প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়, যার একটি অংশ উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল।























