ফুলে-ফুঁফে উঠেছে তিস্তার পানি, বন্যার শঙ্কা
- আপডেট সময় : ০৯:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ৫১ বার পঠিত

গত দুই দিনের টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে লালমনিরহাট জেলার তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ৫২ দশমিক ১৪ মিটার রেকর্ড করা হয়েছে। যা বিপদসীমা (৫২ দশমিক ১৫ মিটার) থেকে মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ভারতের উজানে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হওয়ায় তিস্তা নদীতে পানির প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর সঙ্গে দেশের অভ্যন্তরে গত দুই দিনের ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত মাসের শেষ দিকেও তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করেছিল। একদিন পর পরিস্থিতির উন্নতি হলেও বুধবার থেকে আবারও পানি বাড়তে শুরু করে এবং বৃহস্পতিবার সন্ধ্যায় তা বিপদসীমার একেবারে কাছাকাছি পৌঁছে যায়। ফলে চলতি মৌসুমে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ইতোমধ্যে তিস্তার চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে। জেলার পাঁচটি উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক চরাঞ্চলের সড়ক তলিয়ে যাওয়ায় নৌকা ও ভেলাই এখন স্থানীয়দের একমাত্র যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে।
পানির চাপ বৃদ্ধির কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং নদীতীরবর্তী উঁচু সড়কগুলোও ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব বাঁধের সংস্কার না করায় এবার বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাদের দাবি, শুষ্ক মৌসুমে স্থায়ীভাবে বাঁধ সংস্কার করা হলে বর্ষাকালে এমন ঝুঁকি তৈরি হতো না এবং নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতিও অনেকাংশে কমানো সম্ভব হতো।
গোবর্ধন গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, “বিকেল থেকেই পানি দ্রুত বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে চরাঞ্চলের বেশ কয়েকটি বাড়িতে পানি ঢুকে পড়েছে। পানির চাপ দেখে মনে হচ্ছে বড় ধরনের বন্যা হতে পারে। দীর্ঘদিন সংস্কার না হওয়া বাঁধ ভেঙে গেলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। বন্যার সময় আমাদের নির্ঘুম রাত কাটাতে হয়।”
শৈলমারী চর এলাকার বাসিন্দা আব্দুল গফ্ফর বলেন, “কয়েকদিন ধরে পানি বাড়া-কমা করছিল। তবে আজকে অনেক বেশি বেড়েছে। অনেক বাড়িতে পানি উঠেছে, মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে দুর্ভোগ বাড়ছে। গবাদিপশু ও হাঁস-মুরগি রক্ষা করাও কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে সাপ ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও বেড়ে যায়।”
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, উজান থেকে পানির প্রবাহ অব্যাহত থাকায় তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে হালকা বন্যা দেখা দিতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে বৃহস্পতিবার দুপুর থেকে তিস্তা নদীতে পানির প্রবাহ দ্রুত বেড়েছে। সন্ধ্যা ৬টায় পানি বিপদসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। তাই নদীতীরবর্তী ও চরাঞ্চলের মানুষকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচল করার আহ্বান জানানো হয়েছে।”
























