ফেরার অপেক্ষা বাড়লো নেইমারের
- আপডেট সময় : ০৭:৫৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৪৩ বার পঠিত

চোট কাটিয়ে দ্রুত সুস্থতার পথে এগোলেও বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না তারকা ফরোয়ার্ড Neymar। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তার শারীরিক অবস্থার উন্নতির খবর দিলেও বিশ্বকাপে ঠিক কবে তিনি ফিরবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তাকে পাওয়া যাবে না।
গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব Santos FC-এর হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন নেইমার। প্রথমে এটি সাধারণ ফোলা মনে হলেও ২৮ মে করা এমআরআই পরীক্ষায় তার পায়ে গ্রেড-টু মাংসপেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
সোমবার নেইমারের সর্বশেষ স্ক্যান রিপোর্ট পর্যালোচনা করে সিবিএফ জানায়, তার চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে এবং পুনর্বাসন কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। বর্তমানে জাতীয় দলের মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে তিনি ফিটনেস ফিরে পাওয়ার জন্য নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২০ জুন হাইতির বিপক্ষে ম্যাচের আগে তাকে মাঠে নামানোর সম্ভাবনা খুবই কম। কোনো ধরনের ঝুঁকি এড়াতে বর্তমানে নেইমারকে প্রতিদিন দুই দফা ফিজিওথেরাপি নিতে হচ্ছে। চোটের কারণে ব্রাজিলের সাম্প্রতিক দুটি প্রস্তুতি ম্যাচেও মাঠে নামতে পারেননি নেইমার। তবে তাকে ছাড়াই পানামার বিপক্ষে ৬-২ এবং মিশরের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে সেলেসাওরা।
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের পর এবার তার সামনে চতুর্থ বিশ্বকাপ খেলার সুযোগ এসেছে। আগের তিন আসরে তিনি ১৩ ম্যাচে ৮ গোল করেছিলেন। বিশ্বকাপে ব্রাজিল ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা জয়ের অভিযান শুরু করবে। এরপর ২০ জুন হাইতি এবং ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
























