বাঘারপাড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৩১ বার পঠিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), গণ-অধিকার ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. ইশরাত জাহান মিশু, একাডেমিক সুপারভাইজার অহিদুর রহমান, গণ-অধিকার ফাউন্ডেশনের পরিচালক ইকরামুল হক মিঠু, পিএফজির সদস্য দিলরুবা পারভীন, বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান হাফিজসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশ ও সমাজের উন্নয়নে যুবকদের ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দক্ষ ও কর্মমুখী যুবসমাজই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি।

























