অংশ নিলেন শতাধিক তরুণ
বাঘারপাড়ায় ফুটবলার ট্যালেন্ট হান্ট
- আপডেট সময় : ০৯:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৪৭ বার পঠিত

যশোরের বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফুটবলার ট্যালেন্ট হান্ট। শনিবার (২৫ জুলাই) বর্ষণমুখর আবহাওয়া উপেক্ষা করে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ বাছাই কার্যক্রমে উপজেলার ১৪ থেকে ২০ বছর বয়সী প্রায় ১০০ জন উদীয়মান ফুটবলার অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও যুবদলের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক নূরে আলম সিদ্দিকী সোহাগ। ট্যালেন্ট হান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, ক্লাবের যুগ্ম সম্পাদক ও বাস্কেটবল সংগঠক রায়হান সিদ্দিকী, ক্রীড়া সংগঠক হালিম রেজাসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা।
প্রধান অতিথির বক্তব্যে নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, গ্রামের মাঠ থেকেই দেশের ভবিষ্যৎ ফুটবলারদের উঠে আসতে হয়। সঠিক পরিচর্যা, নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলার মাধ্যমে এসব তরুণ একদিন জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।
তিনি আরও বলেন, খেলাধুলার চর্চা তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তৃণমূল পর্যায়ে ক্রীড়া কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফুটবলার হিসেবে গড়ে তোলাই এই ট্যালেন্ট হান্টের মূল লক্ষ্য।

























