বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে
বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- আপডেট সময় : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৪০ বার পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে উপস্থিত হন। সেখানে তারা সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। শনিবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে হেঁটে অংশ নেবেন এবং শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, শোভাযাত্রাটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি অংশগ্রহণকে কেন্দ্র করে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
দলীয় নেতারা আশা করছেন, শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

























