বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ
- আপডেট সময় : ০৬:০০:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৫১ বার পঠিত

২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (১৬ নভেম্বর) সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ইতোমধ্যে সহায়ক নীতি প্রণয়ন করেছে। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
এ লক্ষ্য বাস্তবায়নে ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সোনাগাজীর এ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে এ ধরনের অন্যান্য প্রকল্পের ক্ষেত্রেও এখানকার অভিজ্ঞতা ও শিক্ষা কাজে লাগানো সম্ভব হবে।
প্রকল্প বাস্তবায়নে কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

























