মানবিকতার আলোয় আলোকিত মনোহরপুর
বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫০০-এর বেশি মানুষ
- আপডেট সময় : ০৪:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ৭৩ বার পঠিত

অর্থাভাবে যাঁদের চোখের চিকিৎসা করানো কঠিন, তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কয়েকজন মানবিক উদ্যোগী মানুষ।
রোববার (১১ অক্টোবর) ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের কুমারঘাটা দাখিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০০-এর বেশি মানুষ চক্ষু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিয়েছেন।
পাশাপাশি বিনামূল্যে চশমা বিতরণ এবং বাছাইকৃত ছানি রোগীদের অস্ত্রোপচারসহ পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। যাঁদের চশমা প্রয়োজন, তাঁদের বিনামূল্যে চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়।
এ ছাড়া ছানি অস্ত্রোপচারের উপযোগী রোগীদের বাছাই করে সাতক্ষীরার কাশেমপুর তালতলা বাজার এলাকায় অবস্থিত গ্রামীণ চক্ষু হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার, প্রয়োজনীয় লেন্স, এক মাসের ওষুধ ও চশমা দেওয়া হবে। পাশাপাশি রোগীদের যাতায়াত খরচও বহন করা হবে। ফলে আর্থিক সংকটে দীর্ঘদিন চোখের চিকিৎসা করাতে না পারা অসচ্ছল মানুষের জন্য এ উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিজিকে ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সাইদ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পের আয়োজক ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান সুমন, কুমারঘাটা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, মাদ্রাসার সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক মঈনুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট জেমস আব্দুর রহিম রানা, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, সাংবাদিক সানোয়ার হোসেন থিতু, জিএম ফিরোজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচকেরা বলেন, গ্রামীণ জনপদে চিকিৎসাকেন্দ্রের দূরত্ব, চিকিৎসার উচ্চ ব্যয় ও আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ দীর্ঘদিন চোখের সমস্যায় ভোগেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ছানি রোগ সময়মতো চিকিৎসা না করালে তাঁদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়।
এ অবস্থায় স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ এবং ছানি অস্ত্রোপচারসহ পরবর্তী চিকিৎসার ব্যবস্থা অসচ্ছল মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ক্যাম্পটির আয়োজন করেন মেহেদী হাসান সুমন। সহযোগিতায় ছিল সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতাল।
আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কেউ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন এমন প্রত্যাশা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকলে গ্রামীণ জনপদের অসচ্ছল মানুষ সহজেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

























