বেনাপোল সীমান্তে লাগেজ ব্যবসায়ীদের জমায়েত
- আপডেট সময় : ০৭:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ বার পঠিত

বেনাপোল ইমিগ্রেশন সংলগ্ন এলাকায় ভারতীয় এন্ট্রি রেস্ট্রিক্টেড ও ব্লককৃত পাসপোর্টধারী লাগেজ ব্যবসায়ীদের একটি অংশ বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্দেশ্যে জমায়েত হয়েছেন। এ সময় তারা ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় পুলিশ তাদের বাধা দেয়। এতে কিছু সময়ের জন্য সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত এ ঘটনা ঘটে। জানা গেছে, বেনাপোল আইসিপি স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরের বাইরে যশোর রোডে সীমান্তের আনুমানিক ১৫০ মিটার ভারতের অভ্যন্তরে পেট্রাপোল ইমিগ্রেশন সংলগ্ন এলাকায় প্রায় ১৫০ থেকে ২০০ জন লাগেজ ব্যবসায়ী সমবেত হন।
পরে সমবেত ব্যক্তিরা পর্যায়ক্রমে পেট্রাপোল ইমিগ্রেশনে প্রবেশের চেষ্টা করলে পেট্রাপোল পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ সমবেত ব্যক্তিদের সংঘবদ্ধভাবে এ ধরনের কার্যক্রম না করার জন্য অনুরোধ করে। একই সঙ্গে বিষয়টি নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তাদের আশ্বস্ত করা হয়।
ইমিগ্রেশন কর্তৃপক্ষের আশ্বাসের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

























