ভাতশালা রেলস্টেশনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতামূলক সভা
- আপডেট সময় : ০৯:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ২৪ বার পঠিত

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ এবং এর ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা রেলওয়ে স্টেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ্ আলম।
সভায় বক্তারা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজ। এতে যাত্রী ও ট্রেনের চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুতর আহত হতে পারেন। এমনকি পাথরের আঘাতে প্রাণহানিও ঘটতে পারে। তাই শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
সভায় ভাতশালা রেলওয়ে স্টেশনে তিতাস ট্রেনের যাত্রাবিরতির দাবিও তুলে ধরা হয়।
প্রধান অতিথি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ভাতশালা স্টেশনে তিতাস ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে তিনি রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, ভাতশালা রেলওয়ে স্টেশনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় সেখানে অনেকে মাদক সেবন করেন। স্টেশনটিকে মাদকমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। তিনি এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচির প্রশংসা করেন।
সভায় আরও বক্তব্য দেন হারিস আহমেদ, তায়েফ ভূইয়া, এইচ এম জসিম উদ্দিন, মাহফুজুর রহমান পুষ্প ও নুরুল ইসলাম (আরিফ)। সভাপতির বক্তব্যে শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, জনস্বার্থে তাঁদের এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলোচনা সভায় স্থানীয় বাসিন্দা, রেলযাত্রী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















