ভৈরব নদে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ৪৩ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় ভৈরব সেতু সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা আক্তার বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং ঢাকার মিরপুর এলাকার রবিউল আলম খানের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, বাবার বাড়িতে বেড়াতে এসে শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে ভাই, বান্ধবী ও স্বজনদের সঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন বর্ণা। একপর্যায়ে নদীতে লাফ দিলে প্রবল স্রোতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রায় ৩০ ঘণ্টার অনুসন্ধানের পর স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ তৎপরতায় শনিবার সন্ধ্যায় ভৈরব সেতু সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেশী ও এলাকাবাসীর উপস্থিতিতে পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া।
























