মণিরামপুরে অসহায় দুই বৃদ্ধা বোনের পাশে দাঁড়ালেন ইউএনও
- আপডেট সময় : ০৮:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৫০ বার পঠিত

স্বামীহারা দুই অসহায় বৃদ্ধা বোনের মানবেতর জীবনযাপন ও ঝড়ে ঘরের টিন উড়ে যাওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর তাঁদের পাশে দাঁড়িয়েছেন যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। মানবিক সহায়তা হিসেবে তিনি ওই দুই বৃদ্ধাকে এক বান ঢেউটিন প্রদান করেছেন।
উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাসিন্দা খাদিজা খাতুন ও শহরবানুর দুর্দশা নিয়ে সম্প্রতি বিভিন্ন অনলাইন, জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় ‘স্বামীহারা দুই বৃদ্ধা বোনের মানবেতর জীবনযাপন, ঝড়ে উড়ে গেছে ঘরের টিন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ইউএনও সম্রাট হোসেনের নজরে এলে তিনি তাঁদের দুরবস্থা বিবেচনায় নিয়ে এক বান ঢেউটিন বরাদ্দ দেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে টিন গ্রহণের রসিদ সংগ্রহ করেন ওই দুই বৃদ্ধা। টিন পেয়ে আবেগাপ্লুত হয়ে তাঁরা ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খাদিজা খাতুন ও শহরবানু বলেন, আমাদের স্বামী নেই, বয়সও হয়েছে। অনেক কষ্ট করে দিন কাটাই। ঝড়ে ঘরের টিন উড়ে যাওয়ার পর থেকে খুব কষ্টে ছিলাম। ইউএনও সাহেব আমাদের টিন দিয়েছেন। এতে আমরা অনেক খুশি। আল্লাহ তাঁর ভালো করুন।
তবে টিন সহায়তা পেলেও দুই বোনের দীর্ঘদিনের একটি স্বপ্ন এখনো অপূর্ণ। তাঁদের প্রত্যাশা, জীবনের শেষ সময়ে অন্তত একটি পাকা ঘরে নিরাপদে বসবাস করতে পারবেন।
আক্ষেপ করে তাঁরা বলেন, এখন তো মাটির ঘর আর কেউ করে না। সরকার অনেক অসহায় ও গরিব মানুষকে পাকা ঘর করে দিচ্ছে। আমাদের যদি ছোট্ট একটি কক্ষের পাকা ঘর করে দিত, তাহলে জীবনের বাকি দিনগুলো একটু শান্তিতে কাটাতে পারতাম।
দুই বৃদ্ধা বোনের এই আকুতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নজরে আসবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। তাঁদের মতে, এই বয়সে নিরাপদ একটি আশ্রয় নিশ্চিত করা গেলে জীবনের শেষ দিনগুলো কিছুটা স্বস্তিতে কাটাতে পারবেন তাঁরা।


























