পাঁচ লক্ষ টাকা দাবির অভিযোগ
মালয়েশিয়া ফেরত যুবককে ডেকে নিয়ে মারধর
- আপডেট সময় : ১০:৩৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ২০ বার পঠিত

মালয়েশিয়া থেকে দেশে ফেরার পাঁচ দিনের মাথায় যশোরের ঝিকরগাছার এক প্রবাসী যুবককে ডেকে নিয়ে মারধর করে পাঁচ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী রয়েল (২৬) ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের দাউদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
স্বজনদের অভিযোগ, গত ২৫ আগস্ট মালয়েশিয়া থেকে দেশে ফেরেন রয়েল। পরে কৃষ্ণনগর মন্ত্রীপাড়ার অন্নক (৩২) তাঁকে চা খাওয়ার কথা বলে মোটরসাইকেলে বেনাপোলের বারোপোতা এলাকায় নিয়ে যান। সেখানে অন্নকসহ আরও কয়েকজন তাঁকে মারধর করে পাঁচ লাখ টাকা দাবি করেন।
একপর্যায়ে রয়েলের কাছে থাকা ৩০ হাজার টাকা ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। তাঁকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয় বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। মোটরসাইকেলটি বেনাপোল পোর্ট থানায় রয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন। এ ঘটনায় অন্নক, কাটাখালি গ্রামের মিন্টু (৩৪), তপু (৩০) ও অজ্ঞাতনামা আরও পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
আহত রয়েলকে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত আনুমানিক একটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

























