মিরাজের বদলে ওয়ানডে অধিনায়ক লিটন দাস
- আপডেট সময় : ০৯:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৯ বার পঠিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন লিটন দাস, যিনি আগে থেকেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন। ফলে এখন থেকে সাদা বলের দুই সংস্করণ—ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স এবং নেতৃত্ব নিয়ে সমালোচনা বাড়ছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। এরপর থেকেই নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন শুরু হয়, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল।
এদিকে সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছিলেন মিরাজ। তবে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরে অংশ নিতে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরেছেন এই অলরাউন্ডার।
বিসিবির এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন অস্ট্রেলিয়া সফর থেকেই লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ দল।



















