মোটরসাইকেল নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক
- আপডেট সময় : ০৯:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৫৫ বার পঠিত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। প্রস্তাবিত বাজেট চলতি অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।
বাজেটে আগামী অর্থবছরে উন্নয়ন ব্যয় বাড়ানো এবং পরিচালন ব্যয় তুলনামূলকভাবে কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি ব্যয়ের কাঠামোয় উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে ৩ লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। অন্যদিকে পরিচালন ব্যয়সহ অন্যান্য খাতে বরাদ্দ ধরা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।
সরকার ধীরে ধীরে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বাড়ানোর নীতি অনুসরণ করছে। সে অনুযায়ী আগামী অর্থবছরে উন্নয়ন ব্যয় ৩৩.৭০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ২৭.২৭ শতাংশ। একই সঙ্গে পরিচালন ব্যয়ের অংশ কমিয়ে ৬৬.৩০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
























