যশোরে অচেতন করে স্বর্ণ ও ১০ লাখ টাকা লুটের অভিযোগ
- আপডেট সময় : ০৬:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৪ বার পঠিত

যশোর শহরের মুড়লী মোড় এলাকায় একটি বাসায় ঘুমন্ত অবস্থায় অচেতন করে বক্স ভেঙে চার ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীরা হলেন, নড়াইলের নড়াগাতী থানার কাঠাদুয়া গ্রামের মৃত শাহাদত মোল্লার ছেলে শাহরিয়ার ইমতিয়াজ (৪৫), তার স্ত্রী লিমা খানম (৩৪) এবং তাদের সাত বছর বয়সী ছেলে মাসুদ। তারা বর্তমানে যশোর শহরের মুড়লী মোড় এলাকায় মোকাররমের বাসায় ভাড়া থাকেন।
ভুক্তভোগীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে তাদের অচেতন অবস্থায় থাকার বিষয়টি জানা যায়। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা বাসার একটি বক্স ভেঙে চার ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
পরে সকালে জ্ঞান ফিরলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সকাল সাড়ে ১০টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শাহরিয়ার ইমতিয়াজ, লিমা খানম ও তাদের ছেলে মাসুদ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে তারা অচেতন হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।























