ভাড়া নিয়ে বিরোধ
যশোরে ইজিবাইক চালককে মারধরের অভিযোগ
- আপডেট সময় : ১০:১৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ৪০ বার পঠিত

যশোরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় ভাড়ার টাকা নিয়ে বিরোধের জেরে এক ইজিবাইক চালককে মারধরের অভিযোগ উঠেছে। আহত চালককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলম (৫৫) যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের বাবু শেখের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়ার টাকা নিয়ে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে আলমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি তাকে কিল-ঘুষি মেরে আহত করেন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় আলমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তবে এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
























