যশোরে চোর সন্দেহে যুবককে গণপিটুনি
- আপডেট সময় : ০৮:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ৮ বার পঠিত

যশোর সদর উপজেলার হামিদপুর মাঠপাড়ায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন রশিদ (২০) নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২ আগস্ট) ভোর ৫টার দিকে হামিদপুর মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রশিদ সদর উপজেলার বাউলিয়া গ্রামের রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হামিদপুর মাঠপাড়ার বাসিন্দা কালামের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে রশিদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আকরাম হোসেন ঘটনাস্থলে গিয়ে রশিদকে উদ্ধার করেন। পরে সকাল ১০টা ৫১ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে থানা পুলিশের কোন মতামত পাওয়া যায়নি।



















