যশোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- আপডেট সময় : ১১:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ বার পঠিত

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের আসর শুরু হয়েছে। সোমবার যশোর জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন এবং উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এবারের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় হ্যান্ডবল, দাবা এবং বালক ও বালিকা বিভাগের কাবাডিসহ মোট আটটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব ইভেন্টে অংশ নিচ্ছে।
প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।





















