থানায় লিখিত অভিযোগ
যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
- আপডেট সময় : ০৯:০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ৩৩ বার পঠিত

যশোর শহরের বারান্দী মোল্যাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে জিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী জিয়াসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর স্ত্রী রুমা বেগম।
অভিযোগে রুমা বেগম উল্লেখ করেন, প্রায় আট বছর আগে জিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে স্বামী তাঁকে সন্দেহ করতেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি ভরণপোষণ না দেওয়া এবং স্বামীর নিজের হোটেলে তাঁকে দিয়ে কাজ করানোর অভিযোগও তুলেছেন রুমা।
রুমার দাবি, তাঁর বাবার বাড়ির জমিজমা বিক্রি করে টাকা এনে দেওয়ার জন্যও চাপ দিতেন স্বামী। এতে রাজি না হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়।
তবে স্ত্রীর আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন হোটেল ব্যবসায়ী জিয়া। তাঁর দাবি, তিনি স্ত্রীর ওপর কোনো ধরনের নির্যাতন করেননি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
রুমা বেগম জানান, পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সফল হননি। এ কারণে বাধ্য হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।























