যশোরে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত
- আপডেট সময় : ০৭:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ৬৮ বার পঠিত

যশোর সদর উপজেলার দায়তলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এক অষ্টম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ছাত্রীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের বারান্দায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী মোছা. অরপা খাতুন (১৪)। তিনি যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবুর মোল্লার মেয়ে এবং দায়তলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, কচুয়া ভগবতীতলা গ্রামের মহাসিনের ছেলে মাহিম (১৬) দীর্ঘদিন ধরে অরপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে অরপা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিযুক্ত মাহিম ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের বারান্দায় তার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো চাকু দিয়ে অরপার ডান হাতে আঘাত করে।
ঘটনার পর বিদ্যালয় ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মাহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


























