রায়পুরে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা
- আপডেট সময় : ০৯:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১৩ বার পঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে আলোকিত বন্ধু কল্যাণ সংস্থা। শনিবার রায়পুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি রোগী ও উপস্থিত ব্যক্তিদের জন্য বিনামূল্যে খাবার, বিশুদ্ধ পানি, শরবত ও খাবার স্যালাইনের ব্যবস্থা করে আব্দুল আজিজ ফাউন্ডেশন।
আয়োজক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে রায়পুর ইউনিয়নসহ বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকার রোগীরা চিকিৎসাসেবা নিতে আসেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
আলোকিত বন্ধু কল্যাণ সংস্থার অন্যতম আয়োজক শামছুর রহমান বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই তাঁদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেওয়া, অসচ্ছল পরিবারের জন্য ঘর নির্মাণ, সেলাই মেশিন বিতরণ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে বিভিন্ন স্থানে নলকূপ স্থাপনসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নে এসব উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে চিকিৎসা ক্যাম্পে আসা রোগী ও তাঁদের সঙ্গে থাকা ব্যক্তিদের জন্য মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায় আব্দুল আজিজ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি, শরবত, খাবার স্যালাইন ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
আব্দুল আজিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহিনুর রহমান জানান, তাঁর মরহুম বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগে এ খাবার ও পানীয় বিতরণের ব্যবস্থা করা হয়েছে। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সেবা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
স্থানীয়দের মতে, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি খাবার ও প্রয়োজনীয় পানীয়ের ব্যবস্থা করায় পুরো আয়োজনটি মানবিক উদ্যোগে পরিণত হয়েছে। তাঁদের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবেন।























