শহীদ জিয়ার স্মরণে বাহাদুরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০৮:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৪০ বার পঠিত

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া ঈদগাহ মোড় থেকে ধান্যখোলা মাদ্রাসা পর্যন্ত সড়কের দুই পাশে ২০০টি উন্নতমানের তাল ও নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। এ সময় তিনি আয়োজক রবিউল ইসলাম রবিকে সঙ্গে নিয়ে সড়কের দুই পাশে চারা রোপণ করেন। পরে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা বৃক্ষরোপণে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি, পরিবেশ ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ রক্ষায় প্রতিটি নেতাকর্মীকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কর্মসূচির আয়োজক রবিউল ইসলাম রবি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নিজস্ব অর্থায়নে এ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, প্রতিটি চারাকে বড় করে পরিবেশের সম্পদে পরিণত করা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, জেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাফা উদ্দিন খান, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক শাহীন আলম খান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও শতাধিক গাছের চারা রোপণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

























