শার্শায় ভেন্ডি গাছ কাটা নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে আহত
- আপডেট সময় : ১০:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১০ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় ভেন্ডি গাছ কাটা নিয়ে বিরোধের জেরে জাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবককে তালা ও রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে শার্শা উপজেলার রঘুনাথপুর ওয়াবদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাহিদুল ইসলাম উপজেলার ডিহি ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রঘুনাথপুর এলাকায় ভেন্ডি গাছ কাটা নিয়ে জাহিদুল ইসলামের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাম হোসেন (৩৫), নজু (৩০), রাসেল (২০), রমজান (৩৫) ও লিটন (৪০) তাকে তালা ও রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে জাহিদুল ইসলাম আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো তথ্য জানায়নি।



















