শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:০৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ৩৯ বার পঠিত

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে একটি পুরোনো কালো রঙের হিরো স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শার্শা গ্রামের আরিফুল ইসলামের আরটি গার্মেন্টসের সামনে শার্শা-জামতলাগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। শার্শা থানার এসআই সবুজ গাজীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করে। তিনি শার্শা উপজেলার পানবুড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁর হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ১০০ সিসি হিরো স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, শার্শা উপজেলায় মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।























