
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ডিএক্স উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ জুন) ভোররাতে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮ হাজার টাকা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোগা সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ডিএক্স উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।























