রাষ্ট্রপতির শপথ
শুক্রবার বিকেল থেকে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা
- আপডেট সময় : ১১:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৯ বার পঠিত

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আমন্ত্রিত ভিআইপি অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনসংলগ্ন কয়েকটি সড়কে সাধারণ যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। এ সময়ে চালকদের এসব সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরসংলগ্ন অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে।
এ ছাড়া দৈনিক বাংলা মোড় থেকে রাজউকের দিকে কোনো বাণিজ্যিক বা পণ্যবাহী যান চলাচল করতে পারবে না। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানমুখী বাসগুলোকে ইউবিএল ক্রসিং ও প্রেসক্লাব হয়ে অথবা সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।
ডিএমপির নির্দেশনায় আরও বলা হয়েছে, মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলো জিরো পয়েন্টে ইউটার্ন না নিয়ে ফুলবাড়িয়া কিংবা ইউবিএল, নাইটিঙ্গেল ও ফকিরাপুল ক্রসিং হয়ে চলাচল করবে। তবে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এই ট্রাফিক নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণের কারণে নগরবাসীর চলাচলে যে অসুবিধা হতে পারে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। একই সঙ্গে নির্ধারিত সময়ে বিকল্প পথ ব্যবহার করে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।






















