ছাত্রলীগ সভাপতিসহ আটক ২
সাতক্ষীরায় বিএনপির শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ
- আপডেট সময় : ০৭:৪০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৩৩ বার পঠিত

সাতক্ষীরার সদর উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহ দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান (১৯) ও সংগঠনটির সদস্য মো. মিন্টু (১৮)। মেহেদী হাসান ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে। মিন্টু একই এলাকার আমবীরের ছেলে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, বুধবার বিকেলে আলিপুর এলাকায় কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মোটরসাইকেল শোডাউন চলছিল। শোডাউনটি ঢালিপাড়া ও আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় শোডাউনে থাকা নেতাকর্মীরা ধাওয়া দিয়ে হাতে ইটপাটকেলসহ মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন।
পরে তাঁদের আলিপুর পুরাতন বাজারখোলা এলাকায় নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় সাতক্ষীরা সদর থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। তবে এ ঘটনাকে কেন্দ্র করে শোডাউনে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
তিনি বলেন, আটক দুজন থানার একটি মামলার তদন্তে পাওয়া আসামি। তাঁদের গ্রেপ্তারে পুলিশ আগে থেকেই এলাকায় নজরদারি করছিল এবং স্থানীয়দের সহযোগিতা চেয়েছিল। স্থানীয়রা তাঁদের অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

























