স্বচ্ছ নিয়োগে যশোরে টিআরসি প্রার্থীদের শারীরিক মাপ যাচাই
- আপডেট সময় : ০৫:৪২:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৫০ বার পঠিত

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৮টায় যশোর পুলিশ লাইন্সে এ কার্যক্রম শুরু হয়।
যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা সভাপতিত্বে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হয়।
কার্যক্রমের শুরুতে পুলিশ সুপার পুলিশ লাইন্সের প্রধান ফটকে উপস্থিত থেকে প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি প্রার্থীদের উদ্দেশে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য দেন তিনি।
প্রথম দিনের যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফিং করেন পুলিশ সুপার। এ সময় নিয়োগের দ্বিতীয় দিনে প্রার্থীদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, টিআরসি নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা তদবিরের সুযোগ নেই। তাই কোনো দালাল কিংবা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য প্রার্থীদের সতর্ক করেন তিনি।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে পাঠানো প্রতিনিধিরা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

























