হামের থাবা অব্যাহত: ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ৮৬ বার পঠিত

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০১ জনে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৫১১ জনে পৌঁছেছে। একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম সংক্রমণে আরও ৯০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে। এ ছাড়া একই সময়ে আরও ১ হাজার ২১০ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ হাজার ৫৭২ জন।
হাসপাতালভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।






















