১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ
- আপডেট সময় : ১০:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ২৭ বার পঠিত

বাংলাদেশের অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছর থেকে অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৩১ মার্চ। পরিবর্তনের আগে ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বা অন্তর্বর্তী অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছর নয় মাসের হবে—জুলাই থেকে শুরু হয়ে শেষ হবে মার্চে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অর্থবছরের সময়কাল পরিবর্তনের এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সময়কাঠামোর কারণে জুলাই ও আগস্ট মাসে বর্ষাকাল চলাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকে। এতে বৃষ্টির কারণে উন্নয়নকাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।
নতুন সময়সূচি অনুযায়ী অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ করা হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শেষ করার সুযোগ তৈরি হবে। এ কারণে নতুন সময়কালকে যুক্তিযুক্ত বলে বিবেচনা করেছে সরকার। অর্থবছরের সময়কাল পরিবর্তনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, অর্থবছরের সময়কাল পরিবর্তনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’-এ প্রয়োজনীয় সংশোধন করতে হবে। পাশাপাশি অর্থবছরের সময়সূচি পরিবর্তনের সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন সিস্টেমেও প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে পরিবর্তনের মধ্যবর্তী বা ট্রানজিশনাল বছর। ওই অর্থবছর নয় মাসের—জুলাই থেকে মার্চ পর্যন্ত। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী সরকারের সব আর্থিক কার্যক্রম পরিচালিত হবে।






















