শার্শায় ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৩:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ২৫ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৪৫০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটে উপজেলার আমলাই পাড়ইপাড়া গ্রামের অর্জুনের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (১১ অক্টোবর) শার্শা থানা-পুলিশ এ তথ্য জানায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমলাই মাঝেরপাড়া এলাকার লাভলু রহমান (৩৫), তাঁর বাবার নাম ওয়াহেদ আলী এবং একই গ্রামের পাড়ইপাড়া এলাকার সমেস হালদার (৪৪), তাঁর বাবার নাম তনু হালদার।
পুলিশ জানায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) সুজন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় ওই দুজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে রোববার তাঁদের আদালতে পাঠানো হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। শার্শাকে মাদকমুক্ত রাখতে অভিযান আরও জোরদার করা হবে।























