মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত
যশোরে বিষপানকারী নারীর প্রাণ বাঁচালেন তিন আনসার সদস্য
- আপডেট সময় : ০১:১৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২০ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে পড়ে থাকা বিষপানকারী এক সংকটাপন্ন নারীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। তাঁদের তাৎক্ষণিক উদ্যোগ ও মানবিক ভূমিকার কারণে জরুরি চিকিৎসাসেবা পেয়েছেন নাসরিন নামের ওই নারী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত তথ্যে জানা যায়, গত সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় পারিবারিক কলহ ও স্বামীর নির্যাতনের শিকার হয়ে নাসরিন বিষপান করেন বলে জানা গেছে। পরে এক ভ্যানচালক তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে ফেলে রেখে চলে যান। সেখানে স্বজনহীন অবস্থায় ছটফট করছিলেন তিনি।
এ সময় হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্য মামুন হাওলাদার, আব্দুল আলিম ও বকুল আলী দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালের ভেতরে নিয়ে যান। তাঁরা দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি চিকিৎসকদের মাধ্যমে জরুরি পাকস্থলী ওয়াশসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।
চিকিৎসকদের মতে, বিষপানের মতো প্রাণঘাতী ঘটনায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আনসার সদস্যদের তাৎক্ষণিক উদ্যোগ, আন্তরিক সহযোগিতা ও সার্বক্ষণিক তদারকির ফলে ওই নারীর চিকিৎসা পেতে বিলম্ব হয়নি। অন্যথায়, চিকিৎসায় দেরি হলে তাঁর জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারত।
সংকটাপন্ন অবস্থায় একজন অসহায় নারীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় আনসার সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও মানবিক উদ্যোগ প্রশংসিত হচ্ছে। তাঁদের এ ভূমিকা দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

























