
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুই অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোর সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। প্রথম অভিযানে দুপুর ১২টার দিকে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর বাজার সংলগ্ন আমতলা মোড়ে অভিযান চালিয়ে মোছা. হামিদা খাতুন (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি শার্শা উপজেলার নাভারণ ইউনিয়নের দক্ষিণ বুরুজবাগান এলাকার মৃত কামাল হোসেনের স্ত্রী। তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
অপরদিকে একই দিন বিকেল ৫টার দিকে কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকায় যশোর-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে তৌফিক রহমান (২৯) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কোতয়ালী উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আরেকটি মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, যশোর জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।






















