তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ১১:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৬২ বার পঠিত

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের ১৫২ নম্বর উত্তর শাহজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ১ কোটি ২২ লাখ ৯২ হাজার ২০১ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ব্যবহারের কয়েক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল, প্লাস্টার খসে পড়া, জানালার কাঁচ ভেঙে যাওয়া ও গ্রিল নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। এমনকি বিদ্যুতের লাইনেও ত্রুটি দেখা দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি ও অভিভাবকরা।
সরেজমিনে জানা যায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রৌশনী এন্টারপ্রাইজ। অভিযোগ রয়েছে, নির্মাণকাজের শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়ম করা হয়। এসব বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার শেখ আনোয়ার হোসেন আনু ও দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের।
বর্তমানে সামান্য বৃষ্টিতেই ছাদের ওপর পানি জমে থাকছে। দেয়াল থেকে খসে পড়ছে প্লাস্টার। মেঝেতে হাঁটলে পাওয়া যাচ্ছে ফাঁপা শব্দ। জানালার কাঁচ ও গ্রিলেও দেখা দিয়েছে বিভিন্ন ত্রুটি। অন্যদিকে বিদ্যুতের লাইনে সমস্যা থাকায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন বলেন, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে তারা নতুন ভবনে ওঠেন। কিন্তু ভবনে ওঠার পর থেকেই গেট, ছাদ ও মেঝের বিভিন্ন সমস্যা চোখে পড়ছে। বিদ্যুতের লাইনে হাত দিলে শক অনুভূত হচ্ছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিষয়গুলো জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাসেল মেহেদী বলেন, নির্মাণকাজের বিভিন্ন অনিয়মের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেননি। বরং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু বলেন, বিদ্যালয়ের নির্মাণকাজে ব্যাপক অনিয়মের বিষয়টি স্কুল কর্তৃপক্ষ তাকে জানিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অভিযোগটি তদন্তের জন্য তিনি সুপারিশ করেছেন।
অভিভাবক জহুর আলী গাজী বলেন, এ অনিয়মের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলী জড়িত বলে তাদের অভিযোগ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, নির্মাণকাজের মান যাচাই এবং দায়ীদের শাস্তি দাবি করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান রৌশনী এন্টারপ্রাইজের কর্ণধার আনোয়ার হোসেন আনু। তিনি বলেন, শিডিউল অনুযায়ী সঠিকভাবেই নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বিদ্যালয় ভবন নির্মাণের তদারকি কর্মকর্তা হিসেবে নির্মাণসংক্রান্ত ফলকে উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্তোষ কুমার মণ্ডলের নাম উল্লেখ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফলকে তদারকি কর্মকর্তা হিসেবে তার নাম রয়েছে, বিষয়টি তিনি সাংবাদিকের কাছ থেকেই প্রথম জানতে পেরেছেন।
উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ার পর বিদ্যালয়টি পরিদর্শন করা হয়েছিল। পরে সমস্যাগুলো ঠিক করে দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পরে কথা বলবেন বলে জানান।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি। কারণ, সরকারি অর্থে নির্মিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ব্যবহারের কয়েক মাসের মধ্যেই এমন ত্রুটি দেখা দেওয়া শুধু নির্মাণকাজের মান নিয়েই প্রশ্ন তুলছে না, বরং কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছে।
এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত তদন্ত করে ভবনের প্রকৃত নির্মাণমান যাচাই, ত্রুটিপূর্ণ কাজ সংশোধন এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


























