মণিরামপুরে আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা
- আপডেট সময় : ০৯:৩০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৪৪ বার পঠিত

যশোরের মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক আলোচনা এবং উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, বিএনপি নেতা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. জাহাঙ্গীর বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কমলেশ সরকার, মণিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তছির উদ্দিন এবং ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাফায়াত হোসেনসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক শিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার দাশ, চেয়ারম্যান নিস্তার ফারুক, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী অনুপম কুমার ঘোষ। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় অংশ নেন।
সভাপতির বক্তব্যে ইউএনও সম্রাট হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সুরক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এটি আমাদের সম্মিলিত মানবিক অঙ্গীকার। একটি শিশুর হাত থেকে বই কেড়ে নিয়ে তার কাঁধে সংসারের বোঝা চাপিয়ে দেওয়া মানে একটি সম্ভাবনাকে অকালে ঝরিয়ে দেওয়া। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাল্যবিবাহের অভিশাপ রুখতে হবে, নিরাপদ রাখতে হবে মণিরামপুরের প্রতিটি জনপদ।
সভায় বক্তারা মণিরামপুরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, সরকারি সেবার মানোন্নয়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।


























