আলুভর্তি ট্রাকের চাপে ভাঙল বেইলি ব্রিজ
- আপডেট সময় : ০২:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৭৮ বার পঠিত

পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে আলুভর্তি একটি ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় পিরোজপুরের সঙ্গে মঠবাড়িয়া উপজেলা এবং পার্শ্ববর্তী বরগুনা জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার (১০ জুন) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় এ রুটে চলাচলকারী শত শত যানবাহন ও হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তুষখালী-মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের আলুভর্তি একটি ট্রাক ভোররাতে দেবীপুর এলাকার বেইলি ব্রিজটি অতিক্রম করার সময় দুর্ঘটনার শিকার হয়। অতিরিক্ত পণ্যের ভার বহন করতে না পেরে ব্রিজটির মাঝখানের অংশ ভেঙে যায় এবং ট্রাকটি খালে পড়ে যায়।
দুর্ঘটনার পর থেকেই ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ব্রিজের দুই পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ফলে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে পিরোজপুর, মঠবাড়িয়া ও বরগুনার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অনেক যাত্রীকে পায়ে হেঁটে অথবা বিকল্প ঝুঁকিপূর্ণ পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
তিনি বলেন, “বেইলি ব্রিজটি ভেঙে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খালে পড়ে যাওয়া ট্রাকটি দ্রুত উদ্ধার এবং ব্রিজটি জরুরি ভিত্তিতে মেরামতের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”
তবে সড়ক যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি।
























