বগুড়া সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- আপডেট সময় : ০৮:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ৮২ বার পঠিত

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বগুড়া সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বগুড়া সেনানিবাসের এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে বিকেলে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম। এতে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও বীরত্বপূর্ণ ভূমিকা এবং দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে দেশের কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান স্মরণের পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের গৌরবময় ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়।


























