পহরডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন
- আপডেট সময় : ০৯:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ৩৭ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং মাদক, জুয়াসহ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদারের নির্দেশনায় গোপালগঞ্জ জেলা সীমান্তবর্তী পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনে এ ক্যাম্প স্থাপন করা হয়।
অস্থায়ী পুলিশ ক্যাম্পের আওতায় পহরডাঙ্গা, সরসপুর, বাগুডাঙ্গা, মূলশ্রী, চর মধুপুর, চাপাইল, বল্যাহাটি, পাখিমারা ও কচুয়াডাঙ্গাসহ আশপাশের গ্রামগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও অপরাধ দমনে কার্যক্রম পরিচালিত হবে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ হোসেন আলী বলেন, অস্থায়ী এ ক্যাম্পে কর্মকর্তাসহ ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ক্যাম্পের কার্যক্রম সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও জুয়াসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হলে গোপালগঞ্জ সদরের সীমান্তবর্তী এ ইউনিয়নের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।

























