শালিখায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৫:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৭৪ বার পঠিত

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়নের লক্ষ্যে সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শালিখা উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শালিখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সরকারের উদ্যোগে দেশব্যাপী একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শালিখা উপজেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসনাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী ইলিয়াস হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিসুর রহমান মিলটন, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান বলেন, “আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে অগ্রাধিকার ভিত্তিতে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে এ কাজে উদ্বুদ্ধ করাও সরকারের অন্যতম লক্ষ্য। এজন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক আলোচনা করেন। স্থানীয়দের অংশগ্রহণে কর্মসূচির উদ্বোধনী আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।


























