নেটিভ এনইসিটির উদ্যোগে মতবিনিময় সভা
- আপডেট সময় : ১১:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ৬৭ বার পঠিত

যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে নেটিভ এনইসিটি সংস্থার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সংস্থার চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, পারিবারিক আয় বৃদ্ধি, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আফরোজা সুলতানা রেখা। তিনি তার বক্তব্যে নারী ও শিশু উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে নেটিভ এনইসিটির কার্যক্রম আরও বিস্তৃত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছব্দুল মেম্বার। তারা সংস্থার বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে এলাকার উন্নয়নে এমন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
সভায় নেটিভ এনইসিটির নির্বাহী পরিচালক ঈশান বিশ্বাস সংস্থার বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংস্থার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে নির্বাহী পরিচালক উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।


























