যশোরে তিন সেতুর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- আপডেট সময় : ০৫:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৪৮ বার পঠিত

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও দেয়াড়া ইউনিয়নে ৬৫ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত তিনটি সেতু উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে সেতুগুলোর উদ্বোধন করেন। পরে তিনি সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মোট ৬৫ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে সেতু তিনটি নির্মাণ করা হয়েছে।
এর মধ্যে নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া শান্তি মোড়-মধ্যপাড়া খালের ওপর একটি সেতু এবং তরফদারপাড়া থেকে আড়াপাড়া সড়কে আরেকটি সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের ওপর নির্মিত হয়েছে তৃতীয় সেতুটি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকাগুলোর মানুষ চলাচলে নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। নতুন সেতুগুলো চালু হওয়ায় যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলেন, নতুন সেতুগুলোর উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা দূর হওয়ার পাশাপাশি এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
























