নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৭৬ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে নলিয়া নদীতে পড়ে ছাকিব শেখ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) দুপুর প্রায় ২টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসিম শেখের ছেলে ছাকিব শেখ তার ফুপাতো ভাইয়ের সঙ্গে নলিয়া নদীর তীরে ঘুরতে যায়। একপর্যায়ে নদীর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে সে নদীতে পড়ে যায়।
এ সময় তার সঙ্গে থাকা ফুপাতো ভাই চিৎকার করে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয় দোকানদার ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন।
কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে ছাকিবকে উদ্ধার করা হলেও ততক্ষণে সে নিস্তেজ হয়ে পড়ে। পরে স্থানীয়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ হৃদয়বিদারক ঘটনায় কলাবাড়িয়া ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


























