ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
- আপডেট সময় : ১০:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৫১ বার পঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র, অসহায় ও দুর্যোগাক্রান্ত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে জিআর (জেনারেল রিলিফ) চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন, ২০২৬) খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগার লবী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে এ সহায়তা কার্যক্রমে অংশ নেন। তিনি প্রকল্পের বাসিন্দাদের জীবনযাত্রা ও নাগরিক সুবিধার খোঁজখবর নেন এবং তাদের অভাব-অনটনের কথা শোনেন।
পরিদর্শনকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগার লবী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর মূল লক্ষ্যই হচ্ছে দেশের কোনো মানুষ যেন গৃহহীন বা অনাহারে না থাকে। এই অসহায় মানুষের পাশে আমরা সবসময় আছি। তাদের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, শুধু বাসস্থান নয়, বরং স্থায়ী আয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নাগরিক অধিকার ও সরকারি সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। তিনি বলেন, ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের পাশাপাশি তাদের মৌলিক চাহিদা পূরণে ভূমি প্রশাসন সর্বদা তৎপর।
এছাড়া আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন স্বাগত বক্তব্যে এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবু তাহের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সরদার বিল্লাল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি জিআর চাল ও নগদ অর্থ প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সহায়তা পেয়ে সাময়িকভাবে উপকার হলেও স্থায়ী কর্মসংস্থানের দাবি এখন সময়ের প্রয়োজন।






















