যশোরে এএসআই নিয়োগে ২১০ প্রার্থী শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ
- আপডেট সময় : ০৯:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ৪১ বার পঠিত

যশোর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর তৃতীয় ও শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শারীরিক সক্ষমতা পরীক্ষায় মোট ২১০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ২০২ জন পুরুষ এবং ৮ জন নারী।
সোমবার (২৯ জুন) সকাল ৭টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের উপস্থিতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রার্থীরা নিজেদের শারীরিক সক্ষমতার সর্বোচ্চ প্রদর্শনের চেষ্টা করেন।
দিনের প্রথম ইভেন্ট ছিল পুশ-আপ। এতে পুরুষ প্রার্থীদের ৪০ সেকেন্ডে ১৫টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০টি পুশ-আপ সম্পন্ন করতে হয়। দ্বিতীয় ইভেন্ট সিট-আপে পুরুষদের ৪০ সেকেন্ডে ১৫টি এবং নারীদের ৩০ সেকেন্ডে ১০টি সিট-আপ দিতে হয়।
তৃতীয় ইভেন্ট ড্র্যাগিংয়ে পুরুষ প্রার্থীদের ১৬০ পাউন্ড ওজন ৩০ ফুট এবং নারী প্রার্থীদের ১২০ পাউন্ড ওজন ২০ মিটার নির্ধারিত সময়ের মধ্যে টেনে নিতে হয়। চতুর্থ ও শেষ ইভেন্ট ছিল রোপ ক্লাইম্বিং। এতে পুরুষদের ১২ ফুট এবং নারীদের ৮ ফুট উচ্চতায় নির্ধারিত সময়ের মধ্যে দড়ি বেয়ে উঠতে হয়।
জেলা রিক্রুট নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, শারীরিক সক্ষমতা পরীক্ষার প্রতিটি ধাপে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
শারীরিক পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে যারা এবার উত্তীর্ণ হতে পারেননি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ সদর দপ্তর থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















