শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: শামা ওবায়েদ
- আপডেট সময় : ১০:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৪৪ বার পঠিত

জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “নতুন কোনো আপডেট নেই। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। একজন আসামি, যিনি অপরাধ করে অন্য দেশে অবস্থান করছেন এবং যার বিচার সম্পন্ন হয়েছে ও সাজা হয়েছে, তাকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে সেই বিচার কার্যকর করতে চাই। বাংলাদেশের জনগণও সেটাই চায়। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।”
তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।
পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছরে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে উল্লেখ করেছেন যে, পাচার হওয়া অর্থ উদ্ধারে ১০টি দেশের কাছে বাংলাদেশ আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। যেসব দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, সেসব দেশের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এটি রাতারাতি সম্পন্ন হওয়ার বিষয় নয়; এটি একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি ও চলমান আলোচনার মাধ্যমে আমরা একধাপ এগিয়েছি। জনগণের অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ প্রক্রিয়া চলমান থাকবে।”





















