শার্শায় বিদ্যুৎ বিভ্রাটে সোনামুখো বিলে ১৫ কোটি টাকার মাছের মড়ক
- আপডেট সময় : ০৮:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ৫৯ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার সোনামুখো বিলে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে অক্সিজেন সংকট সৃষ্টি হয়ে প্রায় ১৫ কোটি ৫০ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর-সোনামুখো বিলের সজনের ঘেরে মাছের মড়ক শুরু হয়। শনিবার সকালে বিপুল পরিমাণ পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ পানিতে ভেসে উঠতে দেখা যায়।
খামার মালিকদের অভিযোগ, দিন-রাতের ২৪ ঘণ্টায় ঘন ঘন ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘেরে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা ব্যাহত হয়। এর সঙ্গে বৈরী আবহাওয়া যোগ হওয়ায় পানিতে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই বিপুল পরিমাণ মাছ মারা যায়।
সোনামুখো বিলের ক্ষতিগ্রস্ত ঘেরটির মালিক এ এফ মৎস্য খামার। আলফাজুল হক ও ফারুক হোসেন যৌথভাবে খামারটি পরিচালনা করেন। তাঁদের হিসাবে, প্রায় ২০০ বিঘা আয়তনের ঘেরে ৬০ লাখ পিস পাবদা মাছ চাষ করা হয়েছিল। প্রতি ১৫টি মাছের ওজন প্রায় এক কেজি হিসেবে মোট উৎপাদন দাঁড়ায় প্রায় ১০ হাজার মণ। প্রতি মণ মাছের বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা ধরে মোট বাজারমূল্য প্রায় ১৫ কোটি ৫০ লাখ টাকা।
খামারসংশ্লিষ্টরা জানান, মাছগুলোর বড় একটি অংশ বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। বাজারজাতের পাশাপাশি কিছু মাছ ভারতে রপ্তানির প্রক্রিয়াও চলছিল।
খামারের উদ্যোক্তা আলফাজুল হক বলেন, ‘ঘেরে বিপুল পরিমাণ পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এর বড় একটি অংশ বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা ব্যাহত হয়। পরে বৈরী আবহাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।’
তিনি বলেন, ‘মাছের খাদ্য বাবদ বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা বাকিতে নিয়েছি। সব মিলিয়ে আমাদের প্রায় সাড়ে ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন এই ঋণ কীভাবে পরিশোধ করব, কীভাবে আবার ঘুরে দাঁড়াব—কিছুই বুঝতে পারছি না।’
অপর উদ্যোক্তা ফারুক হোসেন বলেন, ‘আমরা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। হয়তো আর ঘুরে দাঁড়াতে পারব না। এই খামারের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক শ পরিবার নির্ভরশীল। রাত ১টার পর থেকে বিদ্যুৎ না থাকায় অক্সিজেনের ব্যবস্থা ব্যর্থ হয়ে যায়। সকাল হওয়ার আগেই বিপুল পরিমাণ পাবদা মাছ মারা যায় এবং পরে পচতে শুরু করে।’
শনিবার ঘের এলাকায় গিয়ে দেখা যায়, পানির ওপর অসংখ্য মৃত মাছ ভেসে রয়েছে। কোথাও কোথাও মাছ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। দীর্ঘদিনের বিনিয়োগ ও পরিশ্রম এক রাতের মধ্যে নষ্ট হয়ে যাওয়ায় খামারের মালিক ও শ্রমিকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
খামারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ খামারে উৎপাদিত পাবদা মাছের একটি অংশ রপ্তানি চেইনের মাধ্যমে ভারতে যায়। ফলে এ ধরনের মাছ চাষ শুধু স্থানীয় বাজারের চাহিদা পূরণে নয়, বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখে।
ক্ষতিগ্রস্ত মাছচাষিরা অভিযোগ করেন, মাছের মড়ক শুরু হওয়ার পর শার্শা উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর বা বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে এসে খোঁজ নেননি। তাঁরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
মাছচাষিরা আরও বলেন, বিদ্যুৎ বিভ্রাট এখন শুধু একটি খামারের সমস্যা নয়। গত কয়েক দিনে দিন-রাত ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার মাছচাষিরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আধুনিক পদ্ধতিতে অক্সিজেন সরবরাহের ওপর নির্ভরশীল বড় ঘেরগুলোতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে একই ধরনের বিপর্যয় ঘটতে পারে।
তাঁদের দাবি, বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বিকল্প বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্ত খামারিদের দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ ও পুনর্বাসনের ব্যবস্থা করারও দাবি জানান তাঁরা।
একই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ, কতক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা কেন ব্যর্থ হলো এবং প্রকৃতপক্ষে কত টাকার মাছ মারা গেছে—এসব বিষয় তদন্তের দাবি উঠেছে।
এক রাতের বিদ্যুৎ বিপর্যয় ও অক্সিজেন সংকটে এ এফ মৎস্য খামারের দুই উদ্যোক্তা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের সঙ্গে অনিশ্চয়তায় পড়েছে খামারের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় এক শ পরিবার। একই ঘটনায় শার্শার অন্যান্য মাছচাষির মধ্যেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


























